ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের আট যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০), হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক এবং অজ্ঞাতনামা এক পুরুষ। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস দুটি রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আই/এ