রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে এক নারী উদ্যোক্তার বিরোধ এবং পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তাকে মারধরের ঘটনার তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে পুলিশ।
বুধবার (২সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে গঠিত তদন্ত দলটি বড় বাজারের ‘কাপড় বাজার’ এলাকা পরিদর্শন করে। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক।
এ সময় তারা বাজার কমিটির দায়িত্বশীল নেতা এবং ঘটনার দিন ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেন।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান মো. সাইফুজ্জামান ফারুকী জানান, কয়েকদিন আগে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মূলত এই ঘটনার পেছনের মূল কারণ এবং ঘটনার আদ্যোপান্ত উদ্ঘাটনেই আমাদের এই কমিটি কাজ করছে।
তিনি বলেন, ঘটনার সময় পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি-না, তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, পুলিশ ওই নারী উদ্যোক্তাকে যখন ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হামলার ঘটনা কেন ঘটল তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে কঠোর হুশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, কিছু ফেসবুক আইডি থেকে এই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়েছে। সেগুলো শনাক্ত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং প্ররোচনাকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ডিআইজি জানান, এ ঘটনায় ইতোমধ্যে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কাজ শেষ করে তিন দিনের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজির নিকট পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
আর/আই