জাতীয়

এমপির গাড়িবহরে হামলা, প্রধান আসামির দুই দিনের রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার তমাল সরকারকে রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুক এই আদেশ দেন।

আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) জানান, সংসদ সদস্য আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে মামলায় এমন অভিযোগ রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে হামলার উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তথ্য বেরিয়ে আসতে পারে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি কর্মসূচি শেষে গাড়িবহর নিয়ে ফিরছিলেন সংসদ সদস্য আইনুল হক। পথে তার গাড়িতে হামলা চালানো হয়। হামলায় তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি তমাল সরকারক সহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে মামলার আসামি করা হয়েছে।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে আটক করে পুলিশ। এর আগে ১৭ আগস্ট মামলাটির আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন। তাদের এক দিনের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর তারা মুক্তি পান।

এদিকে প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ডকে ঘিরে হামলার নেপথ্য কারণ ও জড়িত অন্যদের বিষয়ে নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #সংসদ সদস্য #গাড়ি #হামলা