রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও যাবেন।
রাষ্ট্রপতির আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ।
সফরের প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।
নাগরিক কমিটির আহ্বায়ক ড. আবু মো. খয়রুল কবির জানান, হেলিকপ্টারে করে সেদিন ঠাকুরগাঁও পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।
এরপর শহরের সেনুয়া গোরস্থানে গিয়ে বাবা’র কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে নিজের বাড়িতে যাওয়ার পর সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইস্রাফিল শাহীন জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সীমিতসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
এদিকে রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন জানান, নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নিরপেক্ষ অবস্থানে রয়েছেন। তাই সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি বা ধানের শীষের কোনো প্রতীক প্রদর্শন না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
এসি//