চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রাইভেটকারের গতিরোধ করে এক প্রবাসীর কাছ থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৫২)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।পুলিশ জানায়, ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ (২৬) প্রায় তিন মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। তার কাতারপ্রবাসী চাচাতো ভাই মো. রাসেল ইট কেনার জন্য বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে তাঁর কাছে টাকা পাঠান।
মঙ্গলবার ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ইট কিনতে প্রাইভেটকারে করে যাওয়ার সময় রাউজানের সেবাখোলা এলাকায় চার ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করেন। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন। মামলায় জয়নাল আবেদীন ছাড়াও মো. শহিদুল ইসলাম (৩৮), মো. সালাউদ্দিন (৪২) ও মো. আলমগীর (৪০)কে আসামি করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আর/আই