দেশজুড়ে

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম হতাহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন— সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব। 

জানা গেছে, জাহাজের একটি ট্যাংকারে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা জাহাজের ভেতর থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শ্রমিকের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হলো।

ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে ইয়ার্ডের সেফটি টিমের কয়েকজন সদস্য সেটি পরীক্ষা করতে যান। এ সময় হঠাৎ গ্যাস ছড়িয়ে পড়লে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

এসপি মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #সীতাকুণ্ড