জাতীয়

জ্বালানি ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র বিনিয়োগে আগ্রহী : মাহদী আমিন

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন ২৫টি মার্কিন কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন,  ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি বিনিয়োগ আকর্ষণ। ভঙ্গুর অর্থনীতিকে জাগিয়ে তুলতে বিভিন্ন প্রণোদনা দিয়ে সরকার বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক সেই প্রচেষ্টারই অংশ।

তিনি বলেন, অ্যাম্বাসেডর অতুল কেশাপের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ৫০ জনের প্রতিনিধিদল বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রযাত্রায় কীভাবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কীভাবে আরও স্থিতিশীল ও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশের কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের নির্বাচনী ইশতেহারের যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর কীভাবে ভূমিকা রাখতে পারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাপ বলেন,  বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।  বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শনে বিশ্বাস করেন। এটি দারুণ একটি দেশ। আমাদের এমন কিছু আমেরিকান কোম্পানি আছে, যারা এখানে কয়েক দশক ধরে আছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহদী আমিন