স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩

দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭২৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। গেল ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১০১ জন, খুলনায় ৯৮ জন, চট্টগ্রামে ৮৩ জন, রাজশাহীতে ৬৩ জন, ময়মনসিংহে ৪৫ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে একজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৫৫০ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৬৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ হাজার ৮৯৪ জন।

তুলনা করলে গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #স্বাস্থ্য