ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘র’ প্রধান চীন সফর থেকে ঢাকা এসেছেন। বাংলাদেশ সফর তার নিয়মিত কার্যক্রমেরই একটি অংশ।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসএসসি ও সমানের পরীক্ষায় পাসের হার কমার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-ফাইভ এবং পাসের হার কমেছে। যেনতেনভাবে নাম্বার দেয়া ও পাস করানোর প্রবণতা ছিল একটা সময়ে। এ সরকার শিক্ষার মানের দিকে খেয়াল রাখবে, সেটি প্রথমেই জানান দেয়া হয়েছিল।
জ্বালানি তেল সরবরাহের বিষয়ে ডা. জাহেদ বলেন, দেশে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা। এ নীতিমালার মাধ্যমে কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই।
মন্ত্রীসভার রদবদল সম্পর্কে তিনি বলেন, ১৮০ দিনের পর মন্ত্রিসভায় রদবদল করা হবে সরকারের দিক থেকে এমন ইঙ্গিত কেউ করেনি। যেকোনো সময়েই মন্ত্রী ও মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বিষয়ে তিনি বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত না দিয়ে উল্টো সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি ভারত সরকারের আন্তরিকতার অভাব বলে মনে করছে বাংলাদেশ। তাই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের স্বার্থে ভারতকে অবিলম্বে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এবং এ বিষয়ে দেশটির কাছে একটি জোরালো ও স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
বিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেক প্রেসিডেন্ট হিসেবে দাওয়াত করা হয়েছে। এ ছাড়াও একটি দাওয়াত আছে। সরকার গঠনের পর ভারতের প্রধানমন্ত্রীর বার্তায় সফরের আমন্ত্রণ ছিল। সফর যেকোনো সময় হতে পারে।
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে তিনি বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু এখন সে নষ্ট পচে যাওয়া মানুষ। তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। শুধু সাকিব আল হাসান নয় শেখ হাসিনাও বাংলাদেশে আসলে পূর্ণ নিরাপত্তার সাথে আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। এরপর আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটা সবাই মেনে নেবো।
তিনি আরও বলেন, এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার সেগুলো পাবেন।
আর/আই