প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ বিশৃঙ্খলা করতে চাইছে। এরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিশৃঙ্খলা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ হবে। এতে মানুষের কর্মসংস্থান হবে। তাই বিগত দিনের মতো আমাদেরকে এক হয়ে দেশ গঠনের কাজ করতে হবে।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে, এখনও আছে। সরকার গঠনের একদিন পর রমজান শুরু হয়। কেউ কেউ রোজার সময় সুযোগ নিতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সুবিধা নেবে। তবে সরকার সেটি ভালোভাবে সামাল দিয়েছে।
তিনি বলেন, কিন্তু রোজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার সমস্যা শুরু হয়ে গেল। ফলে তেল জ্বালানিসহ পুরো অর্থনীতির উপর চাপ তৈরি হলো। এসব দেখভাল করতে গিয়ে এখানে আসতে দেরি হয়েছে।
সন্ধ্যায় হাটহাজারি মাঠে আয়োজিত এক সমাবেশে তারেক রহমান বলেন, দেশে কিছু সংখ্যক রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজপথে এসে তা বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব। এটা আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।
দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি- দেশের উন্নয়ন ও দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দিতে হবে।’
আই/এ