অপরাধ

ইয়াবা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, আটক ৪

ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, গতকাল রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এ অভিযানে চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ র‍্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী।চক্রটি কামরাঙ্গীরচর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করতো।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দুই বছর ধরে এই কাজে যুক্ত রয়েছে বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #কেরানীগঞ্জ #ইয়াবা #কারখানা