জাতীয়

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, পেলেন গার্ড অব অনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) তার বঙ্গভবনে প্রবেশ উপলক্ষে সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িবহর পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে তারা তাকে মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত এসকর্ট করে নিয়ে যায়।

গাড়ি থেকে নামার পর বঙ্গভবনের সামরিক সচিব, প্রধান কার্যালয়ের সচিব, প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

পরে বঙ্গভবনের ‘ক্রিডেনশিয়াল গ্রাউন্ডে’ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক ‘গ্র্যান্ড গার্ড অব অনার’ প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণের পর হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। এরপর তিনি কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক দায়িত্ব পালন করেন।

সব আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার মধ্যে তার বঙ্গভবন ত্যাগ করার কথা রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি #হাফিজ উদ্দিন আহমদ #বঙ্গভবন