তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা আগের তুলনায় অনেক বেশি চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, সাংবাদিক নেতারাও এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখা শুধু সরকারের নয়, পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশার জন্য এখনো শক্তিশালী পৃষ্ঠপোষকতার কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে এই পেশা বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। কারণ গণমাধ্যমের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
পরে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
পি/ডি