আন্তর্জাতিক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় দুটি বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (২৫ জুলাই) দেশটির পূর্বাঞ্চলের দেইর আজ-জোর থেকে দামেস্কগামী মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে সাধারণ যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, আহতদের উদ্ধারে ও হাসপাতালে নেওয়ার জন্য কয়েকটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আহতদের হোমস সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেইর আজ-জোর–দামেস্ক মহাসড়ক সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই সড়কটি দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী দামেস্কের যোগাযোগ স্থাপন করেছে।

তবে প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার সড়কসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কটির নিরাপত্তাব্যবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে।

গেল বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় ২ হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: বাসস

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরিয়া