রাজধানী

পরিত্যক্ত সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির পরিত্যক্ত সুধা সদন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ভবনটির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুজ্জামান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম মো. শাকিল (২০)। তিনি রাজধানীর মোহাম্মদপুরের জিগাতলার শিবপুর টালি অফিস এলাকার বাসিন্দা।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সুধা সদন ছিল পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার বাসভবন। তার ডাকনাম ‘সুধা মিয়া’ থেকে বাড়িটির নামকরণ করা হয়। পরে এটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির ওই ভবনে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ধানমন্ডি #সুধা সদন #মরদেহ উদ্ধার