আন্তর্জাতিক

ফের ইরানে হামলা হলে ইসরাইলের অপূরণীয় ক্ষতি হবে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে আরও কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, নতুন করে সংঘাত শুরু হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে, যার ক্ষতি কাটিয়ে উঠতে দেশটির দীর্ঘ সময় লাগতে পারে।

শনিবার (২৫ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের একটি জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে আঘাত হানলে ইসরাইলের জন্য তা বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে। তেহরানের ধারণা, এ ধরনের হামলা দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলতে পারে।

বর্তমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি অবস্থিত ‘শহীদ আলীমোহাম্মাদী’ স্থাপনা, যা পশ্চিমা মহলে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত। পাহাড়ের নিচে নির্মিত এই ভূগর্ভস্থ কেন্দ্রটি ইরানের অত্যন্ত সুরক্ষিত সামরিক ও প্রযুক্তিগত স্থাপনাগুলোর একটি।

ইরান সতর্ক করে বলেছে, এই স্থাপনায় কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তেহরানের আরও দাবি, যুক্তরাষ্ট্র গোপনে কোনো অভিযানে চালানেও তার দায় ইসরাইলকেই নিতে হবে।

ইরান জানায়, কেন্দ্রটিতে উন্নতমানের সেন্ট্রিফিউজ তৈরির কাজ চলছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, ওই ভূগর্ভস্থ স্থাপনায় উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা গড়ে তোলার কার্যক্রমও চলতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #তেহরান