গুঞ্জনের অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে মো. সাহাবুদ্দিন লিখেছেন, তিনি গুরুতর অসুস্থ এবং হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝেমধ্যে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন বলেও উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, বিভিন্ন শারীরিক জটিলতা ও মানসিক অক্ষমতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের পর জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শুক্রবার বিকেলে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
এমএ//