রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নির্ধারিত সময়ের আগেই থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করলেন বা কী হয়েছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন দেশে ফিরে বিষয়টি জানতে পারব।”
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়ে স্পিকার বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি পদত্যাগ করবেন কি করবেন না, সেটি আমি জানি না। তাই এ বিষয়ে কোনো অনুমান করতে চাই না।”
নির্ধারিত সময়ের দুই দিন আগে দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তার ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আগেই দেশে ফিরেছেন। আগে থেকে ২৬ জুলাই ফেরার পরিকল্পনা থাকলেও চিকিৎসা শেষ হওয়ায় ২৪ জুলাইই ফিরে আসেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ এবং তা ৯০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হয়।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে আসায় রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
এমএ//