রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। যদি বিষয়টি বাস্তবে ঘটে, তখন সেটি নিয়ে আমরা দেখব।”
সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে তিনি পদত্যাগ করতে চান কি না, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, “এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।”
বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি বলেন, “রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র দেন, এরপর কে রাষ্ট্রপতি হবেন, সেটি পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।”
এমএ//