ভারতের আসামে বন্যা পরিস্থিতিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা ৪১ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে রাজ্যের পাঁচ জেলায় এই ১০ জনের মৃত্যু ঘটেছে।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তিনজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার তাণ্ডব এবার আসামের এমন বহু জেলাকেও বিপর্যস্ত করেছে, যেখানে অতীতে এ ধরনের ক্ষয়ক্ষতির নজির ছিল না।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ জোরদার করতে প্রশাসন সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করছে।
মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আনাদোলু
এআর/এমএ//