আন্তর্জাতিক

বিক্ষোভে রণক্ষেত্র দিল্লির সংসদ মার্গ, ফের বন্ধ ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থলে পরিস্থিতি শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ মার্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে দুইজন সহকারী পুলিশ কমিশনার, একজন পরিদর্শক, একজন প্রধান কনস্টেবল এবং একজন কনস্টেবলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, সংসদ মার্গের পার্ক হোটেল এলাকার কাছে বিক্ষোভকারীদের একটি অংশ উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একজন পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনের স্বেচ্ছাসেবকদের সহায়তা নেয় পুলিশ। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তাদের মতে, এ ধরনের সহিংসতা আন্দোলনের মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ সময় লাউডস্পিকার সংযুক্ত একটি পুলিশ বাসে একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে সংসদ মার্গ এলাকায় ঘোরানো হয়। তিনি মাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরকে কেন্দ্র করে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ককরোচ জনতা পার্টি #দিল্লি #সিজেপি #বিক্ষোভ