আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের দাবি, এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে এবং মার্কিন পারমাণবিক শিল্পের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, নতুন এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি সরবরাহ, অবকাঠামো নির্মাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অংশ নিতে পারবে। এর ফলে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি বৈশ্বিক পারমাণবিক বাজারে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয়েই জানিয়েছে, পুরো সহযোগিতা কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ (নন-প্রলিফারেশন) নীতিমালা মেনে পরিচালিত হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এই চুক্তি বিশেষ তাৎপর্য বহন করছে। এটি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনও সৌদি আরবের সঙ্গে একই ধরনের একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির উদ্যোগ নিয়েছিল। তবে সেই পরিকল্পনা ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত ছিল। নতুন ঘোষিত চুক্তিতে এমন কোনো শর্ত রাখা হয়নি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #যুক্তরাষ্ট্র