স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ৮০০

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল একদিনে সারাদেশে নতুন করে ৯০৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে।

একই সময়ে পরীক্ষায় আরও ১৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৯৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম #হামে মৃত্যু