দেশের বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটিটি খাতটির বিদ্যমান সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
তিনি বলেন, দেশের বস্ত্র খাতের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও এসব সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
শওকত আজিজের মতে, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও পুরো পরিস্থিতির উন্নতি হতে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। তবে এ সময়টুকু সরকারকে দিতে উদ্যোক্তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং বস্ত্র খাতের আর্থিক সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে খাতটি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলেও আশা করেন তিনি।
বিটিএমএ সভাপতি জানান, বর্তমানে সরকার এ খাতে পাঁচ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এছাড়া নবগঠিত উচ্চপর্যায়ের কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে।
তিনি বলেন, সরকারের উদ্যোগে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা গেলে দ্রুতই প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে এসব শিল্পপ্রতিষ্ঠান টেকসইভাবে সচল রাখতে প্রতিযোগিতামূলক বাজারে ডাম্পিংয়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
এসি//