জাতীয়

স্বচ্ছতা নিশ্চিত করে সারাদেশে ফ্যামিলি কার্ড বিস্তারের তাগিদ

সারাদেশে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' সুবিধা চালু করতে বাস্তবসম্মত রূপরেখা তৈরি, আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সব দপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব বিষয়ে জোর দেন। ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তার ও এর বাস্তবায়ন কৌশল নির্ধারণেই এই বৈঠকের আয়োজন করা হয়া

বৈঠকে বিএনপির নির্বাচনি অঙ্গীকারের অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচিত এই 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির বর্তমান অগ্রগতি এবং কীভাবে ধাপে ধাপে এটি দেশের সব অঞ্চলে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে বিশদ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, প্রকৃত দুস্থ ও প্রাপ্য ব্যক্তিদের হাতে যেন এই কার্ডের সুবিধা স্বচ্ছ ও সঠিকভাবে পৌঁছায়, সে জন্য একটি নিখুঁত ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি করা জরুরি। তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে তা যাচাই এবং চূড়ান্ত সুবিধাভোগী বাছাইয়ের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন।

উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্যামিলি কার্ড #তারেক রহমান