দেশজুড়ে

বিশ্বকাপ ফাইনাল খেলা শেষে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই বন্ধুর

যশোরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার।

নিহত যুবকেরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই এলাকার জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী রুবেল (৩০) এবং ট্রলির চালক আমিরুল ও হেলপার নীরব। চালক ও হেলপার দুজনেই রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়,  রাতে ফুটবল ম্যাচ উপভোগ করার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একই মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা পান করতে যাচ্ছিলেন।

পথিমধ্যে ইটভাটা থেকে ইট আনতে যাওয়া দ্রুতগতির একটি ট্রলির সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি ও বাইক দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়।

এসআই চঞ্চল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে। একই সাথে দুর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #মোটরসাইকেল দুর্ঘটনা #নিহত