আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন সেনা নিহতের পর ফের ইরানে হামলা, পাল্টা জবাব তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে কুয়েতে থাকা দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান।

রোববার (১৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে টানা অষ্টম রাতের মতো ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অভিযানে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা অবকাঠামো এবং অন্যান্য সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাও এ হামলার লক্ষ্য ছিল।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর জবাবে কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলি আল সালেম বিমানঘাঁটিতে বড় পরিসরে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এ দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে শনিবার সেন্টকম নিশ্চিত করে, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত তাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের সংকল্পকে আরও দৃঢ় করেছে।

চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। জুনে হওয়া যুক্তরাষ্ট্র-ইরানের প্রাথমিক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই দেশের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র