দেশজুড়ে

মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেপ্তার

খুলনায় স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনাকে (১৭) হত্যার ঘটনায় তার বাবা আলীম হোসেন আকাশকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এর আগে নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাব-৬-এর একটি দল এবং কেএমপির সদর থানা পুলিশের দল যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টা ৫০ মিনিটে ডমুরিয়া থানার ডুমুরিয়া বাজারের আব্দুল কুদ্দুসের চায়ের দোকান থেকে আকাশকে গ্রেপ্তার করে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আকাশকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৮ জুলাই রাতে নির্জনাকে হত্যার পর তার লাশ একটি প্লাস্টিকের বস্তায় ভরে সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

৯ জুলাই সকালে নির্জনার মা হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। এরপর তাদের বাসায় গিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় পায় পুলিশ। এদিকে মেয়ের মৃত্যু নিয়ে মা ভিন্ন ঘটনা উল্লেখ করে মেয়ের দুই বিয়ের কথা বলেন। অসংলগ্ন কথার কারণে শুক্রবার সকালে  তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন দুই বিয়ে ও বাড়ির বাইরে থাকার কারণে মেয়ের ওপর বাবার রাগ ছিলবাবা নেশাও করতেন। ওই দিন সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় রাগ করে মেয়ের মাথার পেছনে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে পড়ে যান নির্জনা। কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এরপর তড়িঘড়ি করে লাশ বস্তাবন্দি করে ওই আবাসিক এলাকায় ফেলে পালিয়ে যান বাবা। এ কাজে সহযোগিতা করেন মা।

এ ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই লাভলী আক্তার বাদী হয়ে  আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্জনা #খুলনা