জাতীয়

রাজধানীতে আরও ৫০ জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে আরও ৫০টি স্থানে দ্রুত সময়ের মধ্যে  স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশদূষণ বিষয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠকে রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহার হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এছাড়া ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা আনতে গত বছরের আগস্ট মাসে রাজধানীর সাতটি মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়। প্রাথমিকভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় (বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং জাহাঙ্গীর গেট মোড়ে এসব স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এসব বাতি তৈরি করে। পরে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বুয়েট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ পরীক্ষামূলক সিগন্যাল ব্যবস্থার তদারকি করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী