দেশজুড়ে

কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে আটক করার পাশাপাশি ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। জব্দকৃত মালামালের মোট মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম(২২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীনস্থ সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #মাদক পাচার #সীমান্ত