জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম বলেছেন, যদি চাঁদাবাজি না করো, তাহলে যে চাঁদাবাজি করে তার চাঁদাবাজি বন্ধ করো, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। সেই সক্ষমতা যদি না থাকে তাহলে ক্ষমতা ছেড়ে দাও।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) 'জুলাই পদযাত্রা' উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দেশের বর্তমান চাঁদাবাজি পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ সময় স্থানীয় ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, গাইবান্ধা ও সাদুল্লাপুরের সাধারণ ভ্যান ও অটোচালকদের কাছ থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এই সরকারকে কোনোভাবেই 'জনগণের সরকার' বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবস্থা না নিলে জনগণ এটাই ধরে নেবে যে, সরকার মুখে চাঁদাবাজির বিরোধিতা করলেও গোপনে সেই টাকার ভাগ নিচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জুলাই শহীদ দিবস স্মরণে গতকাল সকালে গাইবান্ধা পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্য এবং বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া জেলার সাতটি উপজেলাতেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আর/আই