ফুটবল

বাংলাদেশের আর্জেন্টিনা-উন্মাদনায় মুগ্ধ কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবুও ফুটবল বিশ্বকাপ এলেই পুরো দেশ রূপ নেয় নীল-সাদার চাদরে। আর্জেন্টিনার প্রতিটি জয়ে ঢাকার রাজপথে যে বিজয় মিছিল, আতশবাজি আর বাঁধভাঙা উল্লাস দেখা যায়, তা এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু। হাজার হাজার কিলোমিটার দূরের এই অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়েছেন খোদ আর্জেন্টিনা ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের মহারণে নামার আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান স্কালোনি

তিনি বলেন, বাংলাদেশের মানুষকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। তারা বরাবরই আমাদের চমকে দেয়। এত দূর থেকে আর্জেন্টিনার জন্য এমন উন্মাদনা সত্যিই অবিশ্বাস্য। পৃথিবীর অন্য প্রান্তে আমাদের জার্সি পরা কোটি কোটি মানুষকে দেখতে পারাটা অত্যন্ত আনন্দের। আমরা তাদের আরও একটি জয় উপহার দিতে পারলে ভীষণ খুশি হবো।

 

চলতি বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের এই আর্জেন্টিনা-উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের পর দেশের নানা প্রান্তের জযোল্লাসের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যা ছুঁয়ে গেছে আর্জেন্টাইন কোচকেও।

স্কালোনি জানান, ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও বাংলাদেশের সমর্থকদের এই তীব্র আবেগ তার নজর এড়ায়নি।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্কালোনির শিষ্যরা। অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন স্পেন। স্কালোনির প্রত্যাশা, আলবিসেলেস্তেরা ফাইনালে পৌঁছালে আর্জেন্টিনার পাশাপাশি হাসি ফুটবে বাংলাদেশের কোটি কোটি সমর্থকের মুখেও।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বকাপ #আর্জেন্টিনা #বাংলাদেশ