বিশ্বকাপ ফুটবল ম্যাচে রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি, ম্যাচ রেফারিসহ প্রায় ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. রাকিব (২২) নামে এক তরুণ। একই সঙ্গে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
বুধবার (৮ জুলাই ) রাতে তিনি থানায় গিয়ে অভিযোগ জমা দেন। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগকারী রাকিব নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বিষয়ের এই ঘটনায় তাদের কোনো আইনগত এখতিয়ার নেই।
অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার (৭ জুলাই) রাতে করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখার সময় তিনি লক্ষ্য করেন, ম্যাচের রেফারি ইচ্ছাকৃতভাবে এক দলের পক্ষে একাধিক সিদ্ধান্ত দিয়েছেন। এতে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে দায়ী করে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাকিব। একই সঙ্গে তিনি ফিফার কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন। তার মতে, এমন সিদ্ধান্তে তিনি এবং মিশরের অসংখ্য সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলে রাকিব জানান, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতের দ্বারস্থ হবেন। প্রয়োজন হলে মানববন্ধনসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করবেন বলে জানান তিনি।
ওসি জানান, এক তরুণ লিখিত অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার স্থানীয় থানার না থাকায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে।
পি/ডি