অর্থনীতি

বেড়েছে মুরগি দাম, স্বস্তি নেই সবজি বাজারে

রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। সবজির বাজারেও স্বস্তি নেই। গাজর ও কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকায় পৌঁছেছে।

শুক্রবার (০৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকায় এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিমের দাম ১০০ থেকে ১১০ টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতারা জানায়, ব্রয়লার মুরগির দাম মূলত সরবরাহের ওপর নির্ভর করে। সরবরাহ কম থাকায় গেল সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

মাছের বাজারে আকারভেদে রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ি মাছের দামও বেড়েছে। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কিছু চিংড়ির দাম ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ, চাষের মাছের দাম কিছুটা কম হলেও অধিকাংশ মাছের দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। সামুদ্রিক মাছ কেনা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়েছে।

চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামই বহাল রয়েছে। মিনিকেট চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭২ টাকা এবং নাজিরশাইল চালের মানভেদে ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও দাম চড়া। পটল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৭০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং বেগুনের মানভেদে ৬০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাইব্রিড শসা ৬০ টাকা হলেও দেশি শসার দাম কেজিতে ১০০ টাকার বেশি।

এছাড়া গাজর ও কাঁচা মরিচ ১২০ টাকা, করলা ও উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা এবং সজনের ডাঁটা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাজারদর