খেলাধুলা

কেইনের পর এবার ঘানার তান্ত্রিকের নিশানায় আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

ফুটবলের মাঠে কখনো কখনো গোল, জয় কিংবা ট্রফির চেয়েও বেশি আলোচনায় চলে আসে এমন কিছু ঘটনা, যার ব্যাখ্যা খুঁজতে গিয়ে থমকে যায় পুরো ফুটবল দুনিয়া। ২২ জন খেলোয়াড়ের লড়াইয়ের বাইরে, ভাগ্য আর অদৃশ্য শক্তির গল্পও জায়গা করে নেয় বিশ্বকাপের মঞ্চে। ২০২৬ বিশ্বকাপে এবার সেই আলোচনার কেন্দ্রে ঘানার তান্ত্রিক—নানা কওয়াকু বোনসাম। তার অদ্ভুত কর্মকাণ্ড আর ভবিষ্যদ্বাণী এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ইংল্যান্ড ও ঘানার ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন বোনসাম। দলকে জেতানোর জন্য ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে দেওয়া সাক্ষাৎকারে বোনসাম বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক ‘কালো জাদুর অভিশাপ’ দিয়েছেন, যার কারণে সেই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না এই ইংলিশ ফুটবলার। অবাক করা বিষয়, ম্যাচে সত্যিই গোল পাননি ইংল্যান্ড অধিনায়ক। এমনকি প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

যদিও অনেকেই ঘটনাটিকে কাকতালীয় হিসেবেই দেখেছেন, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে বোনসামের দাবি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। পরে ম্যাচ শেষে তিনি জানান, হ্যারি কেনের ওপর থেকে সেই ‘অভিশাপ’ সরিয়ে নিয়েছেন তিনি। এমনকি পরের ম্যাচেই গোল করবেন বলেও দাবি করেছিলেন। এরপর পানামার বিপক্ষে গোল করে আবারও আলোচনায় আসেন কেন।

তবে এবার বোনসামের ভবিষ্যদ্বাণীর লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার দাবি, নকআউট পর্বে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের কাছে হারবে লিওনেল মেসির দল।

বোনসাম বলেন, “কেপ ভার্দে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে।” তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।

তবে মাঠের হিসাবেও কেপ ভার্দেকে একেবারে হালকা করে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই রক্ষণভাগ ও গোলরক্ষকের পারফরম্যান্সে চমক দেখিয়েছে দলটি। স্পেন ও সৌদিকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে তারা। উরুগুয়ের বিপক্ষেও করেছে ২-২ গোলের ড্র। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই দল।

আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের মঞ্চ তৈরি হবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

শুধু আর্জেন্টিনার বিদায় নয়, পুরো বিশ্বকাপের চ্যাম্পিয়ন নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তি। তার দাবি, এবারের বিশ্বকাপের ট্রফি উঠবে পর্তুগালের হাতে এবং অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোই বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন।

বোনসামের দাবি সত্যি হবে, নাকি মাঠের বাস্তবতায় বদলে যাবে সব হিসাব—তার উত্তর দেবে সময়। তবে বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে এমন রহস্যময় গল্পগুলো যে টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল #আর্জেন্টিনা