আন্তর্জাতিক

পৃথিবীর ভার নিজের কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর ভার কাঁধে তুলে নেওয়া পৌরাণিক চরিত্র অ্যাটলাস—এবার সেই রূপেই দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পর নতুন করে আলোচনায় আসা ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি প্রতীকী ছবি প্রকাশ করেছেন, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

শনিবার (২৭ জুন) নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করা ওই ছবিতে ট্রাম্পকে গ্রিক পুরাণের শক্তিশালী চরিত্র অ্যাটলাসের আদলে উপস্থাপন করা হয়েছে।

ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি দুই হাতে পুরো পৃথিবীকে তুলে ধরে আছেন। তবে ছবিটির সঙ্গে কোনো ব্যাখ্যা বা লিখিত বার্তা দেননি ট্রাম্প।

পর্যবেক্ষকদের মতে, এই ছবির মাধ্যমে ট্রাম্প সম্ভবত এটিই বোঝাতে চেয়েছেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতির সমস্ত ভার বা বোঝা তিনি একাই নিজের কাঁধে বহন করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ড্রোন সংরক্ষণের স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার একদিন পরই ট্রাম্প ছবিটি প্রকাশ করেন। ফলে এর সময় ও প্রতীকী উপস্থাপন নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

ট্রাম্পের এমন প্রতীকী এআই ছবি প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের শুরুতে তিনি যাজকের পোশাক পরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি প্রকাশ করেছিলেন, যেখানে তাকে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে দেখা যায়।

ওই ছবি নিয়েও তখন বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচক ও সমর্থকদের একাংশ সেটিকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন। পরে ট্রাম্প দাবি করেন, ছবিটির উদ্দেশ্য ছিল তাকে এমন একজন ‘চিকিৎসক’ হিসেবে দেখানো, যিনি মানুষের কল্যাণে কাজ করছেন।

গ্রিক পুরাণ অনুযায়ী, দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেওয়ার শাস্তি হিসেবে অ্যাটলাসকে অনন্তকাল নিজের কাঁধে স্বর্গ বা আকাশ ধরে রাখার দণ্ড দেওয়া হয়েছিল।  ট্রাম্পের নতুন এআই ছবিতে সেই পুরোনো পৌরাণিক রূপকেরই আধুনিক এক উপস্থাপন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #অ্যাটলাস #পৌরাণিক চরিত্র #পৃথিবী