বদলি হিসেবে মাঠে নেমেই গোল, আর সেই গোলেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন লিওনেল মেসি। তার দুর্দান্ত ফ্রি-কিকের সঙ্গে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ–এর গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে হারিয়েছে জর্ডানকে। এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিতে নাম লেখালেন লিওনেল মেসি।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় ডালাসে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি প্রথম একাদশে নয়টি পরিবর্তন আনেন। তবুও শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে প্রায় ৯২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা।
১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ শটে জর্ডানের জালে বল জড়ান জিওভানি লো সেলসো। এরপর ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে লো সেলসোর আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। পাঁচ মিনিট পর লাউতারোর শট ক্রসবারে লেগে ফিরে আসে।
ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। ঠিক সেই সময় ডান দিক থেকে আসা ক্রসে সহজ ট্যাপ-ইনে জর্ডানের হয়ে ব্যবধান কমান মুসা আল-তামারি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এটিই ছিল প্রথম হজম করা গোল।
৫৯তম মিনিটে মাঠে নামেন মেসি। এরপর থেকেই আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি আসে। ৭৯তম মিনিটে ফাউলের শিকার হয়ে দলের জন্য বক্সের বাইরে একটি ফ্রি-কিক আদায় করেন তিনি। এক মিনিট পর নিজের নেওয়া সেই ফ্রি-কিক থেকেই নিচু শটে বল জালে জড়িয়ে ম্যাচের ফল নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে নিজের ষষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসে ১৯তম গোল করেন মেসি। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েন তিনি।
শেষদিকে জর্ডান কর্নার ও পাল্টা আক্রমণ থেকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস ওতামেন্দিদের নেতৃত্বে আর্জেন্টিনার রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে অপরাজিত থেকেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।
এমএ//