আন্তর্জাতিক

নিজের ছবিযুক্ত বিশেষ মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

একটি পাসপোর্ট শুধু পরিচয়ের নথি নয়, অনেক সময় হয়ে ওঠে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক বার্তার প্রতীক। এবার যুক্তরাষ্ট্রের সেই প্রতীকী নথিতেই যুক্ত হলো নতুন এক চমক। দেশটির স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্মোচন করেছেন বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট, যেখানে স্থান পেয়েছে তার নিজের গম্ভীর মুখচ্ছবি।

শুক্রবার (২৬ জুন) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের নমুনা প্রকাশ করেন।

পোস্টে মার্কিনে প্রেসিডেন্ট লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ আর পাসপোর্টের ভেতরের পাতায় দেখা যাচ্ছে একটি বার্তা—‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’

বিশেষ এই পাসপোর্টটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক হিসেবে তৈরি করা হয়েছে। সীমিত সংখ্যায় এটি নাগরিকদের জন্য সরবরাহ করা হবে।

নতুন নকশার মূল পাতায় বিশেষভাবে রাখা হয়েছে ট্রাম্পের একটি ছবি। সেখানে তাকে একটি ডেস্কের পাশে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং ছবির নিচে রয়েছে তার স্বাক্ষর। ছবিটির পেছনে ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখা। ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের সরকারি আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা ছবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

পাসপোর্টের অপর পাশে রাখা হয়েছে ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে ঐতিহাসিক স্বাক্ষরের একটি চিত্র। পাশাপাশি লেখা রয়েছে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’, যা দেশটির আড়াইশোতম স্বাধীনতা বার্ষিকীর প্রতীক।

হোয়াইট হাউসও সামাজিক যোগাযোগমাধ্যমে এই পাসপোর্টের নকশা প্রকাশ করেছে। সরকারি পর্যায়ে এটিকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার এই স্মারক পাসপোর্ট সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। তবে নতুন নকশা নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত এপ্রিল মাসে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ট্রাম্পের ছবি সংবলিত এই বিশেষ পাসপোর্ট শুধু ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করা যাবে। যতদিন পর্যন্ত এর মজুত থাকবে, ততদিন নাগরিকদের মধ্যে এটি বিতরণ করা হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজের উপস্থিতি ও পরিচিতি আরও দৃশ্যমান করার চেষ্টা করছেন ট্রাম্প। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের বাইরে তার ছবি সংবলিত বড় ব্যানার দেখা গেছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

এর আগে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নামের সঙ্গে নিজের নাম যুক্ত করেছিলেন ট্রাম্প। তবে পরে আদালতের নির্দেশে সেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #মার্কিন পাসপোর্ট