রাজধানী

খেলা দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১২টার দিকে শাওনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আলিফ জানান, তারা দুজন মোটরসাইকেলে করে খেলা দেখতে পুরান ঢাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, শাওন রাজধানীর হাতিরঝিল এলাকার মধুবাগে বসবাস করতেন এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শাওনের গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গীর নিশাতনগর এলাকায়। তার বাবা লুৎফর রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে। আহত শাহজাহান মিয়া হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #মোটরসাইকেল দুর্ঘটনায় #সড়ক দুর্ঘটনা