সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকা থেকে ইমা পারভীন চন্দনা (৩৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত তিন দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় এ ঘটনায় তার বাবা মহিউদ্দীন শেখ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ চন্দনা ওই এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী। তিনি তালা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন শেখের মেয়ে।
জিডিতে উল্লেখ করা হয়, চন্দনা স্বামীর সঙ্গে কাটিয়া লস্করপাড়া এলাকায় বসবাস করতেন। গত রোববার (১৫ জুন) সকাল ১০টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চন্দনার বাবা মহিউদ্দীন শেখ জিডিতে অভিযোগ করেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এ কারণে তিনি আশঙ্কা করছেন, চন্দনাকে তার স্বামী বা পরিবারের সদস্যরা কোথাও আটকে রাখতে পারেন অথবা তার কোনো ক্ষতি হয়ে থাকতে পারে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ নিশাত জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
তিনি আরও জানান, চন্দনার বিষয়ে দেশের সব থানায় তথ্য জানাতে বেতার বার্তা পাঠানো হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা সাতক্ষীরা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
এসি//