ইরানের সঙ্গে চলমান সমঝোতা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান শর্ত না মানলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলায় ফিরবে।
বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়; বরং একটি সমঝোতা স্মারক। ইরান যদি “ঠিকমতো আচরণ” না করে, তাহলে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে।
তিনি বলেন, “আমি যদি এটি পছন্দ না করি, তারা যদি শর্ত না মানে, তাহলে আমরা আবারও তাদের ওপর বোমা ফেলতে ফিরে যাব।”
এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতিরও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে তিনি অভিযোগ করেন, ওবামা প্রশাসন ইরানকে বিপুল পরিমাণ নগদ অর্থ দিয়ে চুক্তিতে রাজি করিয়েছিল।
ট্রাম্পের দাবি, তিনি ইরানের সঙ্গে সমঝোতায় এমন কোনো আর্থিক লেনদেন করেননি। বর্তমান সমঝোতা অর্থ নয়; বরং শক্ত অবস্থান ও চাপের ভিত্তিতে এগোচ্ছে।
এমএ//