কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম ওয়াহিদুল ইসলাম। সে মাইজপাড়া গ্রামের মো. তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।
পরিবারের দাবি, ওয়াহিদুলকে বলাৎকারের পর হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে ওয়াহিদুল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন খালে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, শিশুটির মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//