কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হকের বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্যের জেরে সংসদে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়েছে। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্যের একটি অংশ এক্সপাঞ্জ করেন।
রোববার (১৪ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হকের বক্তব্যকে কেন্দ্র করে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
এমপি মনিরুল হক বলেন, ‘আমি স্বীকার করি, জামায়াত ক্যাডারভিত্তিক সংগঠন। তারা লেখাপড়া করে রাজনীতি করে। কিন্তু আপনারা যা পড়েন, তা ইতিহাসের সত্য-এই কথাটা ঠিক নয়। আর আপনাদের চেনা আরও কঠিন। আপনাদের দেখলে আজরাইলও ভয় পায়।’
পরে মনিরুল হক ২০০১ সালের একটি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী হওয়ার পর সংসদ সদস্যদের স্ত্রীসহ দাওয়াত দিয়েছিলেন। সেখানে আমি স্ত্রীকে নিয়ে যাইনি, তবে তাহের ভাই (বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের) বউ নিয়ে গিয়েছিলেন। ঢোকার পর দেখি কিছু একটা হাঁটছে। আমি বলি, তাহের ভাই ভাবি কই? উনি বলেন, এই যে। তখন বলি, আপনি যে বদলাইয়া আনেন নাই কীভাবে বুঝবো।’
বিরোধী দলের নারী সংসদ সদস্যদের প্রসঙ্গ টেনে মনিরুল হক আরও বলেন, ‘আমাদের হাউজে বোনেরা এমপি হয়ে এসেছেন, সবাই মেধাবী। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কী আছে বুঝব না, এটা ঠিক না।’
তার এই বক্তব্যের পরই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানানো শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলা উচিত না।’
এ প্রেক্ষিতে এমপি মনিরুল হক বলেন, ‘আমি কাউকে কিছু বলিনি। অতীতের একটি ঘটনার গল্প বলেছি। আমি কাউকে ছোট করিনি। যদি ছোট হয়ে থাকেন, তাহলে ক্ষমা চাই।’
পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল এমপি মনিরুল হকের বক্তব্যের একটি অংশ এক্সপাঞ্জ করলে বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে স্বাগত জানান। তবে আছরের নামাজের বিরতির পর বিষয়টি আবার সংসদে তোলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আজকে উনি মনিরুল হক তার বক্তব্যে যা বলেছেন, তা সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকারের সীমা অতিক্রম করেছে। আমাদের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে এবং তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যে ধরনের কথা বলা হয়েছে, তা অমার্জনীয় অপরাধ।’
ভবিষ্যতে কোনো সংসদ সদস্য যেন এ ধরনের বক্তব্য না দেন এমন আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম।
আই/এ