ফুটবল

বিশ্বকাপের ১ম ম্যাচে ইতিহাস গড়া জয় যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র । এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে প্রথম বারের মতো প্রতিপক্ষের জালে চার-চারটি গোল জড়ান মার্কিনিরা। প্যারাগুয়ের বিপক্ষে এই জয়টি মার্কিন ফুটবল ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড হিসেবে জায়গা করে নিলো।

শনিবার (১৩ জুন) ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’র ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শক্তিশালী বার্তা দিলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। 

ম্যাচের সপ্তম মিনিটে যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। আত্মঘাতী ওই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। 

এরপর ম্যাচের ৩১ মিনিট ও প্রথমার্ধের  অতিরিক্ত সময়ে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন যুক্তরাষ্ট্রের  ফোলারিন বালোগান। বালোগানের দুর্দান্ত নৈপুণ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

খেলার ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় মাউরিসিও গোল করে ব্যবধান কমান লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে।

অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে জিওভানি রেইনা বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে চতুর্থ গোল করেন। তার সেই গোলেই ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

 

 আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল বিশ্বকাপ #যুক্তরাষ্ট্র