আন্তর্জাতিক

সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিলেন ককরোচপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দিল্লির যন্তর-মন্তরে প্রথম বৃহৎ বিক্ষোভ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পরও আন্দোলন থেকে সরে আসার কোনো লক্ষণ দেখাচ্ছে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বরং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরদারের ইঙ্গিত দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

রোববার (০৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি সরকারকে নতুন করে সাত দিনের আল্টিমেটাম দেন। দিপকের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কিংবা তাকে অপসারণের দাবি পূরণ না হলে দেশজুড়ে ধারাবাহিকভাবে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আন্দোলন এখন কোনো একক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজন হলে তা দেশের বিভিন্ন প্রান্তে আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেয়া হবে।

এদিকে শনিবার (০৬ জুন) দিল্লির যন্তর-মন্তরে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেওয়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিজিৎ দিপকে। তীব্র গরম উপেক্ষা করে হাজারো মানুষ কর্মসূচিতে যোগ দেয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান এবং আন্দোলনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, 'গতকাল আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারের কাছে দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ হলে ‘ককরোচরা’ কী করতে পারে।'

তিনি আরও বলেন, 'যারা সমাবেশে অংশ নিয়েছেন, তাদের অধিকাংশই আগে কখনও কোনো আন্দোলনে অংশ নেননি। কিন্তু সম্মিলিত উপস্থিতি তাদের শিক্ষা ব্যবস্থার প্রতি ক্ষোভ ও হতাশা প্রকাশের সাহস জুগিয়েছে। জনগণের কণ্ঠস্বর উচ্চারিত না হলে পরিবর্তন সম্ভব নয়।'

সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিপকে বলেন, 'শান্তিপূর্ণ আন্দোলনই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা সরকারের পক্ষে সম্ভব নয়।'

তবে আন্দোলন এখানেই থেমে থাকবে না বলে সতর্ক করে তিনি বলেন, 'ধর্মেন্দ্র প্রধান একটি পুরো প্রজন্মের সঙ্গে অন্যায় করেছেন। আগামী সাত দিনের মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন বা তাকে অপসারণ না করা হয়, তাহলে আমরা মাঠে আরও আন্দোলনে নামতে বাধ্য হব।'

সম্প্রতি নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের কারণে ধর্মেন্দ্র প্রধান সমালোচনার মুখে রয়েছেন। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের (সাবেক ঔরঙ্গাবাদ) বাসিন্দা অভিজিৎ দিপকে আগামী দিনগুলোতে নিয়মিত, সম্ভবত সাপ্তাহিক ভিত্তিতে, একই ধরনের বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করছেন বলে জানা গেছে। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, আন্দোলনের পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

সংগঠনটির লক্ষ্য, ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় পদত্যাগ না করা পর্যন্ত অথবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দিল্লি #ককরোচ জনতা পার্টি #সিজেপি