ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শনিবার (০৬ জুন) তিনি ইরানের রাজধানীতে পৌঁছেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে নাকভি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করা। এসব প্রস্তাব দুই দেশের আলোচনায় সৃষ্ট অচলাবস্থা দূর করতে এবং একটি অন্তর্বর্তীকালীন সমঝোতার পথ তৈরি করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, পাকিস্তান এমন কিছু ধারণা ও প্রস্তাব নিয়ে কাজ করছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা পুনর্গঠন এবং আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, এর আগেও গত ১৬ মে তেহরান সফর করেছিলেন মোহসিন নাকভি। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে ইসলামাবাদ দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর পাকিস্তানের উদ্যোগে ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য এবং পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতির কারণে পরবর্তী আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে।