দেশজুড়ে

শিশুসহ আরও ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন  জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ৪২ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা বাড়ায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। রাতে ওই সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্তের ওপারে সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করেন।

একপর্যায়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তর থেকে শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সম্ভাব্য পুশইন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন।

বিজিবির তৎপরতা  সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। বর্তমানে ওই ১১ জন ভারতীয় সীমান্ত এলাকার শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায়  সদস্যরা প্রস্তুত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি #পুশইন