দেশজুড়ে

ফের নিয়ন্ত্রণ হারিয়ে পল্টুন থেকে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পল্টুনে উঠার আগে বাস থেকে সকল যাত্রী নামানো হয়েছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গেল ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় নদী থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজবাড়ী #দৌলতদিয়া #বাসডুবি