চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বিএসএফের পুশ ইন করার চেষ্টা ব্যর্থ করেছে বিসিবি। বিএসএফের ঠেলে পাঠানো ২৮ জন এখন শূন্য রেখায় অবস্থান করছেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফ-এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তা থেকে কোনো ফল আসেনি।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা চালায়। ওই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়।
এরপর আজ দুপুরে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি বিএসএফকে স্পষ্ট জানায়, তারা কোনো ধরনের পুশ ইন মেনে নেবে না। বাংলাদেশি কোনো নাগরিক ভারতে থেকে থাকলে তাদেরকে প্রয়োজনীয় আইন অনুযায়ী দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু রাতের আঁধারে কাউকে পুশ ইন বিজিবি মেনে নেবে না।
বিএসএফ জানায়, তারা তাদের দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাদেরকে ভারতে ফেরত নেবে না। এর ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় পতাকা বৈঠক। এ কারণে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে হচ্ছে ওই ২৮ জনকে। পরে বিজিবির অনুরোধে ভুক্তভোগীদের দুপুরের খাবার দেয় বিএসএফ।
এদিকে বিকেলে শুরু হয় ঝুম বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে হচ্ছে ভুক্তভোগীদের। এই সময় শূন্য লাইন থেকে তাদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়।
আই/এ