আন্তর্জাতিক

নিজের জন্মস্থান মাশহাদেই সমাহিত হবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় জানাজা ও শোক পালনের পরিকল্পনা করছে দেশটির সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই তেহরানে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তিনি নিহত হন। প্রায় ৩৭ বছর ইসলামিক রিপাবলিকের নেতৃত্বে থাকা খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান চলতি জুনের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ তথ্য দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

যুদ্ধ পরিস্থিতির কারণে আগে নির্ধারিত ৪ মার্চের রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছিল। বর্তমানে যুদ্ধবিরতি ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় নতুন করে শোক কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাওয়াকোলিজাদে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিন দিনের জন্য জনজানাজা ও শোক পালনের প্রস্তুতি চলছে।

তিনি জানান, অনুষ্ঠানটি কবে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতে এটি আয়োজনের সম্ভাবনা রয়েছে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী জুনের মাঝামাঝি সময়ের সঙ্গে মিলে যায়।

জানাজার মূল আনুষ্ঠানিকতা তেহরান ছাড়াও পবিত্র শহর কোম এবং মাশহাদে অনুষ্ঠিত হবে। খামেনিকে তার জন্মস্থান মাশহাদেই দাফন করা হবে।

ডেপুটি মেয়র আরও জানান, তেহরানে অনুষ্ঠানটি অন্তত ২৪ ঘণ্টা চলতে পারে এবং এতে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #সর্বোচ্চ নেতা #আয়াতুল্লাহ আলী খামেনি